তৃণমূল নেতার উদ্দাম নাচের ভিডিয়ো ভাইরাল, বিরোধীদের কটাক্ষ

ঘাটালের আইএনটিটিইউসি-র জেলা সভাপতি সুশান্ত মণ্ডলের উদ্দাম নৃত্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বুধবার ঘাটালের ঘোলাপান্নায় ‘দাবাং কাপ’ ফুটবল খেলার শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে নাচতে গিয়ে শিক্ষক এবং তৃণমূল নেতা সুশান্ত মণ্ডলের ছবি ও ভিডিও ভাইরাল হয়।
এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের নেতারা কটাক্ষ করেছেন। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “এটাই ওদের কালচার। খেলাধুলার অনুষ্ঠানে নেতা নাচলেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।”
তৃণমূল নেতা সুশান্ত মণ্ডল অবশ্য স্বীকার করেছেন, “এমন ঘটনা না ঘটলেই ভালো হতো। আসলে সারাদিন খেলার শেষে আমরা নিজেরা সন্ধ্যায় একটা নাচের আয়োজন করেছিলাম। সেখানে আমরা নিজেরা একটু নাচানাচি, আনন্দ করেছি। সেই ছবি কেউ তুলে ভাইরাল করবে তা ভাবিনি।”
তিনি বলেন, “দলেরই কেউ ওই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। পিছনে লাগার লোকের তো অভাব নেই।”
তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত বলেন, “নাচ মানেই খারাপ নয়। বিরোধীরা সব কিছুতেই রাজনীতি খুঁজছে।”