শুরু পাখি উৎসব, সুন্দরবনে ভিড় করেছেন দেশ বিদেশের পক্ষীপ্রেমীরা

গত বছর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে প্রথমবারের মতো সুন্দরবনে পাখি উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবের সাফল্য এবং পাখিপ্রেমীদের উৎসাহকে মাথায় রেখে এবারও দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে।
সজনেখালিতে এই উৎসবের সূচনা করেন রাজ্যের প্রধান মুখ্যবনপাল দেবল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল নীলাঞ্জন মল্লিক, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর, সহক্ষেত্র অধিকর্তা জোন্স জাস্টিন-সহ বিশিষ্টরা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৫ জন পক্ষী প্রেমী এই উৎসবে অংশ নিয়েছেন। পাশাপাশি ৯ জন পাখি বিশারদও অংশগ্রহণ করেছেন উৎসবে। ইতিমধ্যেই ৬টি দলে বিভক্ত হয়ে সুন্দরবনের ৬টি রেঞ্জে রওনা দিয়েছে দলগুলি।
এই উৎসবের মাধ্যমে সুন্দরবনের পাখিদের সম্পর্কে আরও ভালোভাবে জানার এবং তাদের সংরক্ষণের জন্য পদক্ষেপ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বনদফতরের।
গত বছরের উৎসবে অংশগ্রহণকারী পক্ষী প্রেমীরা জানান, সুন্দরবনের গভীর অরণ্য লাগোয়া নদী ও খাঁড়িতে ঘুরে ঘুরে পাখি দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ। তারা বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পেয়েছেন।
এবারও তারা আশা করছেন, সুন্দরবনের আরও বেশি পাখি দেখতে পাবেন।
গত বছরের পাখি উৎসব থেকে বন দফতর বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করে পক্ষীকূলকে রক্ষা করার জন্য। সেই মোতাবেক, শীতে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবন এলাকায় আসে, তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বাড়তি টহলদারি চালানো হচ্ছে বনদফতরের উদ্যোগে। শুধু সুন্দরবনের জঙ্গল এলাকাতেই নয়, আশপাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালান হচ্ছে।