রেলক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও লাইন পার হওয়ার চেষ্টা, ট্রেনের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

উত্তর প্রদেশের কানপুরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত ১৪ জানুয়ারি, রেলক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও সাইকেল নিয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় আচমকা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।
ঘটনাটি ঘটেছে কানপুরের রামগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি ট্রেন আসার খবর পেয়ে আগাম সতর্কতা হিসেবে রেলক্রসিংয়ের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু, গেটের পাশ দিয়ে চলাচল করছিলেন সাধারণ মানুষ। তাঁদের দেখাদেখি বয়স্ক এক ব্যক্তিও সাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার পরিকল্পনা নেয়। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেনটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারা তাঁকে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই বৃদ্ধ।
ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বৃদ্ধ সাইকেল নিয়ে আস্তে আস্তে রেললাইন পার হচ্ছেন। এই সময় ট্রেনটি এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে থাকা অন্যান্যদের দুর্ঘটনার দৃশ্য দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। অনেকে আবার বৃদ্ধের সমালোচনাও করেছেন। রেলক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও কেন সাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই সঙ্গে পথচলতি মানুষের আর সচেতনতার প্রয়োজন আছে বলে মনে করছেন তাঁরা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল রেল পুলিশের একটি দল। লাইন থেকে মৃতদেহটি সরিয়ে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে, মৃতের পরিচয় জানায়নি কানপুর রেলপুলিশ।
রেললাইন পার হওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। রেল ক্রসিং বন্ধ থাকলে কখনোই রেললাইন পার করা উচিত নয়।