‘জাতে মাতাল তালে ঠিক’, নিশোর সম্পর্কে বিষ্ফোরক অপূর্ব

বাংলাদেশের ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। একসময় তাদের বন্ধুত্বকে ‘হরিহর আত্মা’ বলে মনে করা হতো। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরেছে। এখন আর একসঙ্গে দেখা যাচ্ছে না দুজনকে। তাদের মধ্যে মান-অভিমানের পালা চলছে।

অপূর্বর জন্মদিনে শুভেচ্ছা জানাননি নিশো। এটাকে কেন্দ্র করেই তাদের মধ্যে অভিমান শুরু হয়। অপূর্ব বলেন, “বিষয়টা মনে হতে পারে খুবই অর্থহীন। স্বাভাবিকভাবে যেখানে আমি শুভকামনা জানাই, সেখানে ওর মনে থাকবে না! ওর চোখের সামনে আমার জন্মদিনের খবরটা আসবে না, এটা তো হয় না। ও কোনও এক্সকিউজ দিলেও তো হবে না।”

অপূর্ব আরও বলেন, “অনেকেই হয়ত বলতে পারেন যে এটা খুবই শিশুসুলভ আচরণ। সামান্য একটা জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে…। তাছাড়া এটা কিন্তু একবার হয়নি। বেশ অনেকবারই হয়েছে। নিশো যতই পাগলাটে ভাব ধরুক, আর যাই হোক না কেন, ও জাতে মাতাল তালে ঠিক।”

অপূর্ব ও নিশোর বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরার কারণ একটি তুচ্ছ ঘটনা। তবে এই ঘটনা তাদের বন্ধুত্বে কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না। তবে তাদের ভক্তরা চান যে তাদের বন্ধুত্বের সম্পর্ক আবার আগের মতো হয়ে উঠুক।