ভয়ঙ্কর দুর্ঘটনা, দৃশ্যমানতা কম থাকায় চাপা দিয়েছে একাধিক গাড়ি! উদ্ধার ছিন্নভিন্ন দেহ

গত সোমবার দিল্লির এনসিআরে ঘন কুয়াশার মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ৯ নম্বর জাতীয় সড়কের উপর এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় দৃশ্যমানতা ছিল খুব কম। সেই সময় একটি গাড়ি ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। মৃতদেহ এতটাই বিকৃত হয়েছিল যে, ভুক্তভোগী মহিলা না পরুষ, তা সনাক্ত করা যায়নি।
পুলিশের অনুমান, দুর্ঘটনার পর রাস্তার উপর পড়েছিলেন দেহটি। দৃশ্যমানতা কম থাকায়, একাধিক গাড়ি মৃতদেহটি চাপা দিয়ে থাকতে পারে। আর এর জন্যই দেহটি বিকৃত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দুর্ঘটনার পর কেটে গেছে বেশ কয়েক ঘণ্টা। কিন্তু মৃতদেহ সনাক্ত করতে ব্যর্থ হয়েছে পুলিশ। বাধ্য হয়ে গাজিয়াবাদের ওয়েভ সিটি এলাকার সিসিটিভি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে তারা। দেহ সনাক্তের জন্য পুলিশ ১৬ ঘণ্টার ফুটেজ সংগ্রহ করেছে।
দুর্ঘটনার স্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আরেকটি সংবাদমাধ্যম পুলিশের উদ্ধৃতি তুলে ধরে জানিয়েছে, দাসনার কাছে সদভাবনা ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
গাজিয়াবাদের ওয়েব সিটির এসিপি সালোনি আগরওয়াল জানিয়েছেন, মৃতদেহটি জাতীয় সড়কের উপর পড়ে থাকার কথা জানিয়েছিল পথচলতি কয়েকজন মানুষ। সকাল ১০টা সময় পুলিশকে মৃতদেহ সম্পর্কে সতর্ক করা হয়েছিল। এরপর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের কুইক রেসপন্স টিম। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শরীরের অংশ পুলিশকুকুর দিয়ে সংগ্রহ করা হয়েছিল।