রাতের অন্ধকারে বালি চুরির চেষ্টা, রূপনারায়ণ নদে তলিয়ে গেল ব্যক্তি

পূর্ব মেদিনীপুরের অমৃতবেড়িয়া এলাকায় রূপনারায়ণ নদে বালি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এই নদে বালি পাচারের খবর শোনা যায়। বিভিন্ন সময় বিরোধীরা এ নিয়ে সরব হলেও, বালি পাচার অব্যাহত রয়েছে। সোমবার রাতে আবারও এক ব্যক্তি রূপনারায়ণ নদে নিখোঁজ হয়ে যান। ওই ব্যক্তির নাম শিবনাথ ভৌমিক (৪১)।

জানা গেছে, অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মন্দিরপাড়া এলাকায় রূপনারায়ণ নদের চরে বেআইনিভাবে বালি পাচার করা হয়। পুলিশের নজর এড়াতে মাফিয়ারা রাতের বেলায় বালি কাটে। সোমবার রাতে শিবনাথ এবং উত্তমও বালি কাটতে গিয়েছিলেন। আচমকা প্রবল স্রোত চলে আসে নদে। সেই সময় স্রোতে তলিয়ে যায় শিবনাথ।

দীর্ঘক্ষণ ধরে উত্তম তাকে খোঁজাখুঁজি করেন। কিন্তু, তাকে না পেয়ে নৌকা নিয়ে ফিরে যান তিনি। পরে পুলিশ জানতেই সকালে তার খোঁজে নদে তল্লাশি চালানো হয়। কিন্তু, এখনও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

শিবনাথের পরিবার বালি পাচারের অভিযোগ অস্বীকার করেছে। তার বাবা অভিরাম ভৌমিক জানান, তার ছেলে দু-তিনজনকে নিয়ে রূপনারায়ণ নদের জলে ভাসান দিতে গিয়েছিলেন। সেই সময় এই ঘটনা ঘটেছে।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা রঘুনাথ পন্ডা জানান, রাতে অনেক নৌকা বেআইনিভাবে রূপনারায়ণ নদের চর থেকে সাদা বালি কাটতে যায়। এরপর সেই বালি পাচার করে মাফিয়ারা। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতারা বালি পাচারের সঙ্গে যুক্ত।

পুলিশের দাবি, তারা ঘটনার তদন্ত করছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে অভিযান চলছে।