গ্যাস কাটার দিয়ে এটিএম লুটের চেষ্টা, আগুনে পুড়ে ছাই ২১ লক্ষ টাকা

মহারাষ্ট্রের থানে বিষ্ণুনগরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটিএম লুট করতে গিয়ে দুষ্কৃতীরা গ্যাস কাটার ব্যবহার করলে আগুন লাগে। আগুনে এটিএমে থাকা নগদ ২১ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার গভীর রাতে এটিএমের শাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপর এটিএমের ভেন্ডিং মেশিন খুলতে তারা গ্যাস কাটার ব্যবহার করে। সেই সময় আগুনের সংস্পর্শে চলে আসে এটিএম মেশিন। তাতেই এটিএমের ভিতরে থাকা নগদ টাকা পুড়ে যায়।

এটিএমে থাকা মোট ২১ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পরেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ২১ লক্ষ টাকা।

এটিএমটি পরিচালনার দায়িত্বে থাকা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের আধিকারিকের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে। তার ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪৫৭ ধারা, ৩৮০ ধারা এবং ৪২৭ ধারার অধীনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

উল্লেখ্য, ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল গত বছর শিলিগুড়িতে। ওই ঘটনায়ও দুষ্কৃতীরা এটিএম লুটের চেষ্টা করে গ্যাস কাটার ব্যবহার করলে আগুন লেগে যায়। সেই ঘটনাতেও প্রচুর টাকা পুড়ে গিয়েছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।