পিঠে চাবুক, মুখে কালি, চাকরির দাবিতে টেট উত্তীর্ণদের তীব্র প্রতিবাদ

পশ্চিমবঙ্গের TET চাকরিপ্রার্থীরা রবিবার রাজপথে নেমে তীব্র প্রতিবাদ জানালেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তাঁরা। কিন্তু, সরকারের তরফে কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা কলকাতায় এসে ধর্মতলা চত্বরে অবস্থান নেন। তাঁরা মুখে কালি মেখে, শরীরে চাবুক দিয়ে আঘাত করেন। তাঁরা বলেন, “রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে আমরা আন্দোলন করে যাচ্ছি। চাকরির জন্য মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীর কাছে দরবারও করেছি। কিন্তু, কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি।”
এদিনই বিহারে ১ লাখ ২০ হাজার অস্থায়ী শিক্ষককে স্থায়ী করার কথা ঘোষণা করেছেন তেজস্বী যাদব। এই খবর সামনে আসার পর সুর চড়িয়েছেন SLST চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, “বিহারে শিক্ষকদের স্থায়ীকরণ করা হলেও, আমাদের এখানে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা কেন এত বঞ্চিত?”
এই বিক্ষোভকারীদের একাংশের কথায়, “আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি এই বিষয়ে। শুধু শিক্ষামন্ত্রী নন, সমস্ত মহলেই দরবার করেছি। একাধিকবার বৈঠকের পরও কোনও সমস্যার সমাধান হয়নি। কতদিন আর এভাবে চলবে। এবার সরকারকে সদর্থক পদক্ষেপ করার জন্য আবেদন জানাচ্ছি।”
গত বছরের ১২ ডিসেম্বর TET পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু, সরকারের তরফে কোনও সদর্থক পদক্ষেপ না করায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।
এদিকে, এই ঘটনাক্রমগুলি সামনে রেখে সরব হয়েছেন বিরোধীরা। রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন তাঁরা। এদিন ধরনাস্থলে যান মহম্মদ সেলিম। রাজ্য সরকারকে তীব্র নিশানা করেন তিনি।