KYC আপডেট করানোর নাম করে প্রতারণা, প্রায় ৪.৮ লাখ টাকা খোয়ালেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী

হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা প্রভাত কুমার সরকার। তিনি কেন্দ্রীয় সরকারের অডিট বিভাগের প্রাক্তন কর্মী। গতকাল বন্ধন ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে ফোন করে এক প্রতারক। KYC আপডেট করার কথা বলে ওই ব্যক্তির কাছ থেকে ওটিপি নিয়ে নেয়। এরপর পরপর চার বারে মোট ৪ লাখ ৭৬ হাজার টাকা তুলে নেয় প্রতারক।

প্রতারণার শিকার প্রভাত কুমার সরকার জানান, প্রথমে তিনি ওটিপি দিতে অস্বীকার করেন। কিন্তু প্রতারক তাকে বোঝায় ওটিপি না দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ভয় পেয়ে তিনি ওটিপি দিয়ে দেন। এরপরই তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া শুরু হয়।

প্রতারণার শিকার হয়ে প্রভাত কুমার সরকার ব্যাংকে গিয়ে বিষয়টি জানান। ব্যাংক তাকে পুলিশে অভিযোগ করতে বলে। উত্তরপাড়া থানায় এবং চন্দননগর পুলিশের সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন প্রভাত কুমার সরকার।

পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, গোটা রাজ্য থেকেই এরকম একাধিক সাইবার অপরাধের খবর আসছে। ব্যাংকের ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার কথা বলা হলেও প্রতারিত হচ্ছেন বিভিন্ন ব্যক্তি।