হৃদরোগের ভয় থেকে স্বস্তি, রামমন্দির উদ্বোধনের আগে বাজারে এল ‘রাম কিট’

ভারতে হৃদরোগের রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বয়স্কদের পাশাপাশি অল্প বয়সীরাও আক্রান্ত হচ্ছেন এই রোগে। শীতের সময় হৃদরোগের আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
এই পরিস্থিতিতে স্বস্তি দিতে পারে একটি কিট। যার দাম মাত্র ৭ টাকা। রামমন্দির উদ্বোধনের আবহে কিটের নাম দেওয়া হয়েছে ‘রাম কিট’।
কিটটি তৈরি করেছেন উত্তর প্রদেশের কানপুরের লক্ষ্মীপত সিংহানিয়া ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি বিভাগের চিকিৎসক নীরজ কুমার। তিনি দাবি করেছেন, এই কিট হৃদরোগের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কিটে রয়েছে তিনটি ওষুধ। এই ওষুধগুলি রক্ত জমাটের হাত থেকে বাঁচাতে এবং হার্টের শিরায় ব্লকেজ খুলে দিতে সাহায্য করবে। রোগীকে তাৎক্ষণিক স্বস্তি দেবে এই ওষুধগুলি।
শুধুমাত্র ‘রাম কিট’-এর উপর নির্ভর না করার জন্যও পরামর্শ দিয়েছেন কানপুরের ওই হৃদরোগ বিশেষজ্ঞ। বুকে ব্যথা হলে, সঙ্গে সঙ্গে কিটে রাখা ওষুধ খাওয়ার আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে চিকিৎসক কিংবা হাসপাতালে যাওয়ার জন্য দিয়েছেন পরামর্শ।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মাণ রামমন্দিরের উদ্বোধন করা হবে। তার আগে ‘রাম কিট’ গরিব রোগীদের মধ্যে বিতরণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়াগরাজের ক্যান্টনমেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ আগামী ১৩ জানুয়ারি ‘রাম কিট’ বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক এসকে পান্ডে। মোট ৫ হাজার রোগীর মধ্যে বিতরণ করা হবে এই কিট।