Dev MP : দেবের প্রশংসায় মুখ্যমন্ত্রী মমতা, ফের তাকে প্রার্থী করার ইঙ্গিত?

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের নেতাদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা-সাংসদ দেবও। বৈঠকে দেবের সঙ্গে জেলার কয়েকজন নেতার অসহযোগিতা করার বিষয়ে কথা বলেন মমতা। তিনি বলেন, দেব দলের সম্পদ। তাকে কেউ এমন কিছু বলবে না যাতে সে দুঃখ পায়। সাংসদ হিসেবে সে কাজ করছে। কয়েক জন তার সঙ্গে এমন আচরণ করছে, যার কারণে তার সমস্যা হচ্ছে।

মমতার এই মন্তব্যের পর দলের একাংশ মনে করছে, দেবকে ফের ঘাটালের সাংসদ পদে প্রার্থী করা হবে। বৈঠকে উপস্থিত এক তৃণমূল নেতা বলেন, “দলনেত্রী বুঝিয়ে দিয়েছেন, দেব ফের টিকিট পাবেন। ঘাটালে দেব প্রার্থী হচ্ছেন।”

দিনকয়েক আগে দেব এক সাক্ষাৎকারে ফের ভোটে দাঁড়ানো নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ঘাটালে একজন ‘ফুল-টাইম’ সাংসদ প্রয়োজন। সাংসদ হিসেবে যতটা সময় দেওয়া প্রয়োজন, পেশাগত কারণে তা দিতে পারছেন না বলেও খেদ প্রকাশ করেছিলেন।

এই প্রেক্ষাপটে মমতার বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন দলেরই একাধিক নেতা।

বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। তিনি বলেন, “দল যেখানে যেতে বলবে, সেখানে যাব।”

দেবও বৈঠকে বলেন, “দলনেত্রী আমাকে যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ আমি পালন করব। দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।”

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথম ঘাটালে প্রার্থী হন দেব। ২০১৯-এ ওই কেন্দ্রে ফের জয়ী হয়েছিলেন টলিউড-তারকা।