‘রাজনীতির বিষয়টাও অভ্যাস হয়ে যাবে’, প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মুখ খুললেন সাকিব

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন সাকিব। নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫৯৭৩ ভোট।
আজ বুধবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সাকিব বলেন, “সংসদ এবং রাজনীতির বিষয়টাও অভ্যাস হয়ে যাবে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার। মাগুরার মানুষের জন্য কাজ করার চেষ্টা করব।”
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমার সমর্থন সব সময় তোমাদের পাশে ছিল।”
আঙুলের চোট এবং নির্বাচনের কারণে বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। কিন্তু এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগে নিজের মনোযোগ ক্রিকেটের দিকে ফিরিয়ে নিয়েছেন। মঙ্গলবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজের নতুন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলনে যোগ দেন এই অলরাউন্ডার।
রাজনৈতিক নেতা হিসাবে পরিচয়ের পরে এখন তিনিই দলের ক্যাপ্টেন থাকবেন কীনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সাকিব জানিয়েছেন, এই বিষয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবেন তিনি।