চাকরি পাওয়ার পর পুরনো প্রেমে মজলেন শিক্ষিকা, স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের কাছে স্ত্রী

বিহারের মজফ্ফরপুরের সাহেবগঞ্জে চাকরি পাওয়ার পর পুরনো প্রেম জেগে ওঠায় স্বামীর থেকে ডিভোর্স চাইলেন এক শিক্ষিকা। অভিযোগ, সরকারি চাকরি পাওয়ার পরই রাতারাতি ভোল পাল্টে ফেলেছেন ওই মহিলা। এখন আর তিনি এসএসবি জওয়ান স্বামীর দিকে ফিরেও তাকান না। তাঁর সব অবদান রাতারাতি ভুলে মেরে দিয়েছেন। এখন তাঁর শয়নে স্বপনে শুধুই পুরনো প্রেমিক।

বিহার পাবলিক সার্ভিস কমিশনে সিলেক্ট হয়ে শিক্ষিকার চাকরি পেয়েছিলেন ওই মহিলা। তবে আট দিন ধরে তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে তাঁর মা অপহরণের অভিযোগে FIR দায়ের করেন। মেয়ের খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। স্কুলের শিক্ষিকা আকস্মিক নিখোঁজ হয়ে যাওয়ার উদ্বেগ ছড়িয়ে পড়ে। কী ভাবে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে গেলেন সেই বিষয় ভেবে কেউ কূল কিনারা পাচ্ছিলেন না। মঙ্গলবার হঠাৎই আবার স্কুলে হাজির হন মহিলা।

আদালতে দেওয়া জবানবন্দিতে শিক্ষিকাকে জানান, তিনি তাঁর ‘বন্ধুর’ বাড়িতে গিয়েছিলেন। বিনা নোটিসে স্কুলে অনুপস্থিতির কারণে মহিলার মা তাঁর খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে FIR দায়ের করেছিলেন।

অপহরণের মামলা হওয়ায় পুলিশ আদালতে শিক্ষিকার জবানবন্দি রেকর্ড করে। আদালতে মহিলা বলেন, একসময় বিনা সম্মতিতেই তাঁর বিয়ে দেওয়া হয়েছিল। আর সেকারণে আদালতেই স্বামীর থেকে ডিভোর্স চান মহিলা। স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন মহিলা। বর্তমানে তিনি মামার সঙ্গে থাকছেন বলে জানান।

অন্যদিকে মহিলার স্বামীর অভিযোগ অবশ্য একেবারে উল্টো। তিনি জানিয়েছেন, স্ত্রীকে পড়াশোনা করাতে কোনও খামতি রাখেননি তিনি। তবে শিক্ষিকা হওয়ার পরই ধীরে ধীরে পাল্টে যেতে থাকেন স্ত্রী। দূরত্ব তৈরি করেন তাঁর থেকে। স্ত্রীয়ের বিরুদ্ধে তাঁর অভিযোগ, শিক্ষিকা হওয়ার আগে পর্যন্ত তাঁর আচরণ স্বাভাবিকই ছিল। তিনি একসময় বারাণসীতে পোস্টিং ছিলেন। স্ত্রীও তাঁর সঙ্গে বেনারসেই থাকেতন। সেখান থেকেই সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করেন। কিছুদিন আগে বিপিএসসি নির্বাচিত হয়ে শিক্ষিকার চাকরি পেয়েছেন। অভিযোগ, শিক্ষিকা হয়ে যাওয়ার পর থেকেই পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। পুরনো প্রেমিকের সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠতা বেড়েছে বলে অভিযোগ তাঁর।

চাকরি পাওয়ার পর পুরনো প্রেম জেগে ওঠায় স্ত্রীর ডিভোর্স চাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।