রাম মন্দিরের উদ্বোধনের দিনই কোলে চাই ‘রাম’কে, ডাক্তারদের কাছে আবদার হবু মায়েদের

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে উত্তর প্রদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই বিশেষ দিনে সন্তান প্রসবের জন্য গর্ভবতী মহিলাদের আবেদন জমা পড়ছে হাসপাতালগুলোতে।
গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের ভারপ্রাপ্ত ইনচার্জ সীমা দ্বিবেদী জানান, এখনও পর্যন্ত ১৪ থেকে ১৫ জন গর্ভবতী মহিলা ২২ জানুয়ারি সন্তান প্রসবের আবেদন জানিয়েছেন। তিনি আরও জানান, সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে তারিখ এদিক-ওদিক করা গেলেও নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এরকম কোনও গ্যারান্টি দেওয়া যায় না।
প্রসূতিদের পরিবারের সদস্যদের দাবি, রামলালা তাঁর জন্মভিটেতে ফিরছেন সেদিনই তারা সন্তানকে পৃথিবীতে আনতে চান। তাদের বিশ্বাস, এই সময় পৃথিবীতে সন্তান আসলে তা পবিত্র।
এদিকে, অনেক হবু মায়েরা আবার চাইছেন ২২ তারিখ মূল অনুষ্ঠানের দিন না হলেও সাতদিন ব্যাপী যে অনুষ্ঠান হবে তার মধ্যে যে কোনও একদিন জন্ম নিক তাঁদের সন্তান। সেক্ষেত্রে পুরোহিতের সঙ্গে কথা বলে একটি নির্দিষ্ট দিন-মুহূর্তের আবেদনও জানিয়েছেন তাঁরা।
উত্তর প্রদেশের গর্ভবতী মহিলাদের এই আবেদন মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে একাধিক সরকারি হাসপাতাল। বিশেষ দিনে একই সঙ্গে এত সন্তানের জন্ম দিতে গিয়ে মা বা সদ্যোজাতের সমস্যার চিন্তাও ভাবাচ্ছে চিকিৎসকদের।
তবে, একাংশ চিকিৎসকের আবার মত, এমন ধরনের আর্জি খুব একটা নতুন নয়। অনেকেই আজকাল সন্তানের জন্ম দিতে চান জ্যোতিষীর পরামর্শ মেনে দিনক্ষণ বাছাই করে। তবে, যে ভাবে নির্দিষ্ট একটি তারিখে বিপুল সংখ্যক গর্ভবতী মহিলা সন্তানের জন্ম দিতে চাইছেন তাকে কার্যত নজিরবিহীনই বলা যায়।