দুই জরায়ুতে ধারণ করা দুই সন্তানের জন্ম দিলেন সেই নারী, খুশি পরিবারের সকলে

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের বাসিন্দা কেলসি হ্যাচারের দুটি জরায়ু। জন্মগতভাবেই তিনি এমন। আরো বিরল ঘটনা হলো, তিনি দুই জরায়ুতে দুটি সন্তান ধারণ করেছেন এবং আলাদা দুই দিনে দুই কন্যাসন্তানের জন্মও দিয়েছেন তিনি।
শুক্রবার (২২ ডিসেম্বর) কেলসি নিজেই এ সুখবর জানিয়েছেন। ৩২ বছর বয়সী কেলসি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমাদের অলৌকিক শিশুরা জন্ম নিয়েছে।’

আগে জন্ম নেয়া শিশুটির নাম দেওয়া হয়েছে রক্সি লায়লা। গত মঙ্গলবার রাত আটটার কিছু আগে তার জন্ম হয়। এরপর বুধবার সকাল ৬টা ৯ মিনিটের দিকে জন্ম নেয় তার যমজ বোন রেবেল লাকেন।

চিকিৎসকরা ধারণা করেছিলেন, বড়দিনের উৎসবের সময় শিশুগুলো পৃথিবীর আলো দেখবে। তবে ধারণাকৃত সময়ের আগে তাদের জন্ম হয়েছে। জন্মের পর তারা তাদের বাড়িতেও চলে গেছে।

একদিনের ব্যবধানে কীভাবে দুটি শিশুর জন্ম হলো সে বিষয়টি ভবিষ্যতে জানাবেন বলে কথা দিয়েছেন হ্যাচার।

আলাবামার এ নারী ১৭ বছর বয়স থেকেই জানতেন তার দেহে রয়েছে দুটি জরায়ু। বিশ্বের সব নারীর মধ্যে মাত্র ০ দশমিক ৩ শতাংশ নারীর মধ্যে এমন বিরল বৈশিষ্ট্য রয়েছে।

তিন সন্তানের জননী কেলসি হ্যাচার গত মে মাসে আল্ট্রাসাউন্ড করাতে যান। তখন তিনি জানতে পারেন, এবার জমজ সন্তানের মা হতে যাচ্ছেন। তবে তাকে যখন জানানো হয়— তার দুই জরায়ুতেই ভ্রুণের উপস্থিতি পাওয়া গেছে— তখন বেশ অবাক হয়ে যান।

যেসব নারীর দুই জরায়ু থাকে, তারা সাধারণত গর্ভধারণের সময় বিভিন্ন সমস্যায় পড়েন। তবে কেলসি হ্যাচার কোনো ঝামেলা ছাড়াই আগে তিন সন্তান জন্ম দিয়েছেন।

কেলসি বলেন, বিশেষজ্ঞরা তারকে বলেছেন, প্রতি পাঁচ কোটিতে একজন নারীর মধ্যে এ ধরনের ব্যতিক্রম দেখা যায়।

২০১৯ সালে বাংলাদেশে আরিফা সুলতানা নামের ২০ বছর বয়সী এক নারীর শরীরে দুটি জরায়ু পাওয়া যায়। তিনি ২৬ দিনের ব্যবধানে দুটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন।

সূত্র: বিবিসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *