ওয়েবসিরিজে জয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা বলছেন পঙ্কজ ত্রিপাঠি

‘নয়না’ চরিত্রের মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয়ে গেল বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় শুক্রবার (৮ ডিসেম্বর) স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে তাঁর প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’।

এ সিনেমায় মূল চরিত্রটি করেছেন পঙ্কজ ত্রিপাঠি। সিনেমাটিতে তাঁর সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় জয়া আহসানকে। ট্রেলার মুক্তির পরই দৃশ্যটি দর্শকের নজর কাড়ে। এবার এই দৃশ্যে অভিনয় নিয়ে কথা বললেন পঙ্কজ ত্রিপাঠী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘এই প্রথম আমি এই ধরনের দৃশ্যে অভিনয় করলাম। তবে কোনো রকম প্রস্তুতি নিইনি। পেশাদার অভিনেতা হিসেবে আমি শুধুই নিজের সহ-অভিনেতার স্বচ্ছন্দের কথা মাথায় রেখেছি। কোনো রকম অসুবিধা হয়নি। দৃশ্যটি খুবই নান্দনিকভাবেই শুট করা হয়েছে। সেখানে কথোপকথনও খুব সুন্দর।’

এরপরই ত্রিপাঠীর কাছে জানতে চাওয়া হয় জয়া অভিনীত কোনো সিনেমা এর আগে তিনি দেখেছিলেন কি না? বললেন, ‘না, আগে দেখিনি। কিন্তু টোনিদা (পরিচালক) জয়ার কথা বলার পর আমি ওর কিছু বাংলাদেশি ছবি দেখি। ভীষণ পরিণত অভিনেত্রী। একসঙ্গে কাজ করে খুব ভাল লাগল।’

‘কড়ক সিং’ ছবির গল্পে দেখানো হয়েছে ত্রিপাঠি অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের একজন কর্মকর্তা। কিন্তু হঠাৎ করে তিনি হাজির হন হাসপাতালে। এরপর তাকে পাওয়া যায় নানা ধরনের নাশকতামূলক কাজেও। তাকে নিয়েই মূলত চিত্রনাট্য এগিয়ে নিয়েছেন পরিচালক। তবে জয়ার চরিত্রটিও গুরুত্বপূর্ণ বলেছেন নির্মাতা অনিরুদ্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *