ফের বুকে ব্যথা, SSKM-এর ICU-তে ‘কালীঘাটের কাকু’! কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের দিনে সমস্যায় ইডি?

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়ার বিষয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য SSKM হাসপাতালে পৌঁছায় ED আধিকারিকদের একটি দল। কিন্তু, গতকাল রাতে তার বুকে ব্যথা অনুভব করলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এর ফলে তাকে SSKM হাসপাতালে থেকে জোকা ইএসআই হাসপাতালে স্থানান্তর করার বিষয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
এদিকে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গলার স্বরের নমুনা দিতে রাজি হননি সুজয়কৃষ্ণ। মানসিক চাপের কারণেই তিনি গলার স্বরের নমুনা দিতে পারছিলেন না কিনা, তা নিয়েও চলছিল আলোচনা। জানা গিয়েছিল মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শও নিতে চলেছে ED।
দীর্ঘদিন ধরেই এসএসকেএম হাসপাতালের সঙ্গে ED-র টানাপোড়েন চলছিল সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ নিয়ে। চিকিৎসকদের অনুমতি না মেলায় ED আধিকারিকরা সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করতে পারছিলেন না। আর সেই কারণেই তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্টের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ED। তাতে অনুমতিও দেয় আদালত।
শুক্রবারই সুজয়কৃষ্ণকে ESI হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু, বুকে ব্যথার কারণে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়। ফলে ফের তাঁকে SSKM হাসপাতাল থেকে জোকা ESI-এ নিয়ে যাওয়া নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে।
আদৌ তাকে এদিন SSKM হাসপাতাল থেকে স্থানান্তরিত করা যাবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। যদিও এই নিয়ে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন ED আধিকারিকরা। এই নিয়ে জটিলতা কাটে কিনা, এখন তাই দেখার!
উল্লেখ্য, সুজয়কৃষ্ণ প্রসঙ্গে যাবতীয় তথ্য জানার জন্য SSKM হাসপাতালের সুপারকে তলব করেছিল ED। তবে হাসপাতালে কাকুর মেডিক্যাল পরীক্ষার যাবতীয় তথ্য ই মেল মারফত পাঠিয়ে দেন তিনি। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য মনোরোগ বিশেষজ্ঞও নিয়োগ করতে হয়।