দেড় ঘণ্টায় যাওয়া যাবে দিঘা, পুরী পৌঁছনো যাবে ৬ ঘণ্টায়! পর্যটকদের জন্য দারুণ সুখবর

বাঙালির দুই জনপ্রিয় ভ্রমণ গন্তব্য দিঘা ও পুরী। এই দুই জায়গায় যাওয়ার জন্য সাধারণত বাস বা ট্রেনের উপর নির্ভর করতে হয়। কিন্তু এবার সেই দূরত্ব কমিয়ে আনতে চলেছে ডায়মন্ড হারবার পুরসভা। শীঘ্রই পিপিই মডেলে ক্রুজ চালানোর পরিকল্পনা করেছে পুরসভা। এর ফলে দিঘা থেকে পুরী পৌঁছতে সময় লাগবে মাত্র সাড়ে চার ঘণ্টা।
পুরসভার এই উদ্যোগে সাড়া দিয়ে ইতিমধ্যেই একটি সংস্থা এগিয়ে এসেছে। জানা যাচ্ছে, হুগলি নদী, সমুদ্র উপকূল দিয়ে এই ক্রুজ পৌঁছে যাবে দিঘা এবং পুরীতে। খুব শীঘ্রই এই উদ্যোগ চালু করার জন্য শুরু হবে ট্রায়াল রানও।
ক্রুজটি ডায়মন্ড হারবার জেটি থেকে ছাড়বে এবং প্রথমে গঙ্গাসাগরে যাবে। এরপর সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর পুরীর উদ্দেশে রওনা দেবে। এই পথে ডায়মন্ড হারবার থেকে পুরী পৌঁছনোর জন্য সময় লাগবে ছয় ঘণ্টা। আর দিঘা পৌঁছে যাওয়া যাবে মাত্র ১ ঘণ্টা ৩০ মিনিটে।
এই উদ্যোগের ফলে পর্যটকদের ঝক্কি একধাক্কায় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, পুরসভার আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।