জীবাশ্ম জ্বালানিবিহীন শক্তির দিকে এগিয়ে যাচ্ছে ভারত, বলেছেন রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি বলেছেন যে ভারত স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ২৬ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ঘোষণা অনুযায়ী ৫০০ গিগাওয়াট জীবাশ্ম জ্বালানিবিহীন শক্তির ক্ষমতার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

তিরুমূর্তি জাতিসংঘে ইইউ প্রতিনিধি দলের প্রধান ওলোফ স্কুগের সঙ্গে ‘২০২২-সৌর শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর’ শীর্ষক একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় তিরুমূর্তি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্লাসগোতে দেওয়া ঘোষণা অনুযায়ী আমরা ৫০০ গিগাওয়াট জীবাশ্ম জ্বালানিবিহীন শক্তির লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছি। শক্তির মিশ্রণে নবায়নযোগ্য শক্তির অংশ প্রায় ৪০ শতাংশে উন্নীত হয়েছে।

নবায়নযোগ্য শক্তির জন্য ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জন করেছে ভারত। ৮ বছরেরও কম সময়ে, সৌর শক্তির সক্ষমতা প্রায় ২.৬ গিগাওয়াট থেকে বেড়ে ৪৬ গিগাওয়াটের বেশি হয়েছে। এটি সামগ্রিকভাবে নবায়নযোগ্য শক্তির সক্ষমতায় ভারতকে বিশ্বব্যাপী চতুর্থ স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়, তিরুমূর্তি আলোকপাত করে বলেন, ভারতের একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে যে টেকসই শক্তির উৎসের মাধ্যমেই টেকসই বৃদ্ধি সম্ভব।

ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস ডি রিভিয়ের, পালাউয়ের রাষ্ট্রদূত ইলানা সিড এবং আন্তর্জাতিক সৌর জোটের মহাপরিচালক অজয় মাথুরও এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।