ইমরান খানের ঘরে ‘স্পাই ক্যামেরা’ লাগাতে গিয়ে ধরা পড়লো তারই কর্মী!

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের শোবার ঘরে ‘স্পাই ক্যামেরা’ লাগাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে তারই বাড়ির এক কর্মী। তবে তার দল দাবি করছে, ইমরান খানের ওপর নজরদারি চালানো হচ্ছে। ওই কর্মীকে ঘুস দিয়ে এ কাজ করানো হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘এআরওয়াই নিউজ’-এর দাবি, ইসলামাবাদের বানি গালায় ইমরানের ওপর গুপ্তচরবৃত্তির ছক বানচাল হয়ে গিয়েছে। ইমরানের বাড়ির এক পরিচ্ছন্নতাকর্মী তার শোবার ঘরে একটি ‘স্পাই ক্যামেরা’ লাগানোর সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন আর এক কর্মচারী। তিনিই নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। এর পর তাকে আটক করা হয়।

তবে পিটিআই নেতা শাহবাজ গিলের দাবি, ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি ইমরান খানকে খুন করার গুজবও ছড়িয়েছে পাকিস্তানে। তার জীবনের আশঙ্কা রয়েছে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন পিটিআইয়ের বহু নেতা। এই আবহেই পিটিআই চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের কর্মীর ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগও উঠল। এ নিয়ে সরব হয়েছে দলের নেতা শাহবাজ।

স্থানীয় সংবাদমাধ্যমে এই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘জঘন্য ঘটনা। পাকিস্তান সরকার-সহ সংশ্লিষ্ট সমস্ত এজেন্সিকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে’।

শাহবাজের দাবি, ‘খবর জানতে আমাদের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের লজ্জাজনক কাজ এড়ানো উচিত’। আটক কর্মী এ বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন শাহবাজ। যদিও কী তথ্য প্রকাশ করেছেন ওই কর্মী, তা জানাননি তিনি।