বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠাবে রাশিয়া! জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বেলারুশকে সামনের মাস থেকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইস্কান্দার-এম সিস্টেম প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে এটি দিয়ে আঘাত হানা সম্ভব।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করেছে রুশ বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।
মূলত গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে। আর সেই সময় থেকেই প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্রের বিষয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন। পুতিনের এসব মন্তব্যকে কেউ কেউ নিজের কাজে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ না করার জন্য একটি সতর্কতা হিসাবে ব্যাখ্যা করেছেন।
শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, রেলারুশের এসইউ-২৫ যুদ্ধবিমানগুলোকে আরো উন্নত করতে সহায়তা করবে রাশিয়া। এতে করে বেলারুশিয়ান এসব যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে।
এদিকে শনিবার ইউক্রেনের লুহানস্কের সেভেরোদোনেতস্ক শহরের দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মাধ্যমে পুরো লুহানস্ক অঞ্চলটি এখন রাশিয়ার দখলে চলে এলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি অবশ্য রুশ নিয়ন্ত্রণ থেকে ভূখণ্ড ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, রুশ সেনারা সেভেরোদোনেতস্কসহ ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেসব অঞ্চল মুক্ত করবে কিয়েভ।