“কারা উপর মহলকে পরামর্শ দেয়? বেইজ্জত হচ্ছে মুখপাত্ররা!”-এবার মমতা সরকারকে বিঁধলেন কুণাল

কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী ২৯ নভেম্বর সভা করবে বিজেপি। খোদ অমিত শাহ সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু এর বিরোধিতা করে রাজ্য সরকার জানায়, সেখানে সভা করা যাবে না। পুলিশের অনুমতি না মেলায় বিষয়টি গড়িয়েছে আদালতে। কিন্তু হাইকোর্ট পর পর দু’বার রায় দিয়েছে তৃণমূলের একুশে জুলাই-এর সমাবেশ সেখানে হতে পারলে বিজেপির সভাও হবে। আর এই রায়ের পরই রাজ্য সরকারের মুখ পুড়েছে হাইকোর্টে।

তৃণমূল মুখপাত্রের সমালোচনা:

এই ঘটনায় এবার সুর চড়ালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নিজের দলের শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন তিনি। কুণাল বলেন, “কারা উপর মহলকে পরামর্শ দেয়? রোজ নন-ইস্যুকে ইস্যু বানিয়ে দেওয়া হচ্ছে, এতে মুখপাত্রদের কাজ কঠিন হয়ে যাচ্ছে। একবার ভুল হলে মানা যায়, কিন্তু ১৪ বার একই ভুল হচ্ছে! তা থেকে শিক্ষা নেওয়ার কোনও লক্ষণ দেখতে পাচ্ছি না। মুখপাত্রদের কাজ হল ভুল করলেও সেটাকে ঠিক বলে বাজারে বিপণন করা। কিন্তু বারবার হতে থাকলে সেই কাজে আমাদেরও সমস্যা হচ্ছে।”

বিজেপির অধিকারের স্বীকৃতি:

এদিন কুণাল বলেন,“দলের সৈনিক হিসেবে আমি মনে করি ২১ জুলাই ওখানে সভা করার অধিকার রয়েছে তৃণমূলের। আবার নাগরিক হিসেবে আমার মনে হয় একটা দল সেখানে সভা করতে পারলে বাকিরা করতে পারবে না কেন? আদালত আইনের চোখেই দেখেছে। এর ফলে চার আনার বিজেপি বারো আনার প্রচার পেয়ে গেল।”

কুণাল ঘোষের এই মন্তব্যের ফলে তৃণমূলের অভ্যন্তরে কোন্দলের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। তবে কুণাল ঘোষের বক্তব্যের আড়ালে আসলে কী লুকিয়ে আছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।