ICDCS-কেন্দ্রের চাল চুরির অভিযোগ প্রাক্তন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে, ফের শোরগোল বাংলায়

রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডের মাঝে ফের চাল পাচারের অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙ্গামাটি গ্রামের একটি আইসিডিএস কেন্দ্র থেকে বেশ কয়েক বস্তা চাল পাচারের সময় স্থানীয়রা তা আটকে দেয়।
স্থানীয় বাসিন্দা শেখ আনারুল জানান, তিনি আইসিডিএস কেন্দ্র থেকে চাল বার করা দেখতে পান। তিনি জিজ্ঞাসা করেন, চাল কোথায় যাচ্ছে? তাঁকে উত্তর দেওয়া হয় চাল যাবে শ্রীকৃষ্ণপুর গ্রামের একটা আইসিডিএস কেন্দ্রে। সেই কেন্দ্রের চাল প্রয়োজন। আর সেই কারণে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ধার দেওয়া হচ্ছে।
শেখ আনারুলের সন্দেহ হয় এবং তিনি চাল ভর্তি টোটোর পিছন ধাওয়া করেন। তিনি দেখতে পান টোটোটি শ্রীকৃষ্ণপুর না গিয়ে লাউদোহার দিকে যাচ্ছে। রাস্তায় টোটো আটকে ড্রাইভারকে জিজ্ঞাসা করলে তিনি কোনও সঠিক উত্তর দিতে পারেননি। ঘটনাস্থলে প্রচুর মানুষ জড়ো হন।
ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান, একটা সময় ওই আইসিডিএস কর্মী তৃণমূলে সভানেত্রী ছিলেন। বর্তমানে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত নন। তাঁর আরও দাবি, শিশুদের চাল যে চুরি করার চেষ্টা করেছে, তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দাবি করেন, রাজ্যের রেশন দুর্নীতির মাঝে ফের চাল পাচারের ঘটনায় সরকারের নজরদারি নেই।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এদিন তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালে। জানা গিয়েছে, সেখানেই তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তবে ভর্তি করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।