UFO: বিশ্বকাপের দিন ভারতের আকাশে ইউএফও, বিঘ্নিত হয় প্লেন চলাচল

রোববার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলির দল যখন অজিদের বিপক্ষে লড়ছিল, ঠিক সেই সময় ভারতের আকাশে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) দেখার খবর পাওয়া গেছে। বস্তুটির খোঁজে দুটি যুদ্ধবিমানও পাঠিয়েছিল ভারতীয় বিমানবাহিনী। কিন্তু পরে আর কিছু পাওয়া যায়নি।
প্রতিরক্ষা সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, রোববার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ইম্ফল বিমাবন্দরের কাছে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে কাছাকাছি বিমানঘাঁটি থেকে একটি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করে ভারতীয় বিমানবাহিনী।
উন্নত সেন্সর দিয়ে সজ্জিত যুদ্ধবিমানটি ইউএফও খোঁজার জন্য সন্দেহভাজন এলাকায় গিয়ে অল্প উচ্চতায় উড়ে বেড়ায়। কিন্তু সেখানে কিছুই খুঁজে পায়নি।
প্রথমটি ঘাঁটিতে ফিরে আসার পর আরও একটি যুদ্ধবিমান পাঠিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু সেটিও কিছু না পেয়েই ফিরে আসে। এর পরপরই ইম্ফল বিমানবন্দরে ফের প্লেন উড্ডয়ন-অবতরণ শুরু হয়।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার দুপুরে সিআইএসএফ কন্ট্রোল রুম থেকে ইম্ফল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফোন করে জানানো হয়, এটিসি টাওয়ারের ওপর একটি ইউএফও দেখা গেছে।
সেই সময় বিমানবন্দরে উপস্থিত কর্মীরা, সিআইএসএফ জওয়ানসহ সবাই সেই ইউএফও দেখেন। উড়ন্ত বস্তুটির রঙ ছিল সাদা। বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ের ওপর দিয়ে সেই ইউএফও উড়ে যায়। এরপর এটিসি টাওয়ারের ওপর বেশ কিছু স্থির হয়ে আকাশে ভাসতে থাকে সেটি।
ওই সময় ১৭৩ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে ইম্ফলের উদ্দেশে উড়ে যাওয়া ইন্ডিগোর একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। প্রায় ২৫ মিনিট ইম্ফলের আকাশে ঘুরপাঁক খাওয়ার পরে বিকেল ৩টার দিকে আসামের গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয় প্লেনটি।
ভারতীয় বিমানবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড বলেছে, তারা তাদের এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজম সক্রিয় করেছিল। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে ইস্টার্ন কমান্ড বলেছে, ইম্ফল বিমানবন্দর থেকে ভিজ্যুয়াল ইনপুটগুলোর ওপর ভিত্তি করে এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজম সক্রিয় করেছিল ভারতীয় বিমানবাহিনী। কিন্তু পরে ছোট বস্তুটি আর দেখা যায়নি।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস