SPORTS: বাবা-ছেলের ওয়ানডে বিশ্বকাপ জয়, ক্রিকেটের ইতিহাসে এই প্রথম!

বাবা-ছেলের একসঙ্গে ক্রিকেট খেলার ঘটনা একেবারে বিরল নয়। তবে বাবা-ছেলে দুজনই বিশ্বকাপ জিতেছেন, এমন সৌভাগ্য কয়টা পরিবারের হয়? এমন বিরল নজিরের সাক্ষী হয়েছে মার্শ পরিবার। যা ক্রিকেট ইতিহাসে ঘটল প্রথমবার!

অস্ট্রেলিয়ার বর্তমান দলে গুরুত্বপূর্ণ সদস্য মিচেল মার্শ। তার বাবা জিওফ মার্শও একটা সময় ছিলেন অজি দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের হয়ে ৫০টি টেস্ট এবং ১১৭টি ওয়ানডে খেলেছেন এই ওপেনার। ১৯৮৭ সালে দেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন জিওফ মার্শ।

এদিকে তার ছেলে মিচেল মার্শ ২০২৩ সালে জিতলেন ওয়ানডে বিশ্বকাপ। কাকতালীয় ব্যাপার হলো, পিতা-পুত্র দুজনেরই বিশ্বকাপ জয় ভারতের মাটিতে। ৩৬ বছর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উদযাপন করেছিলেন জিওফ মার্শ।

এবার তার ছেলে মিচেল মার্শ সেই ভারতেরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি উদযাপন করলেন। ওয়ানডে বিশ্বকাপ জয়ের কীর্তিতে বাবার সঙ্গে নাম লেখানোর স্বপ্নটা পূরণ হয়েছে মিচেল মার্শের। এক জীবনে আর কী চাই!

বাবা-ছেলের বিশ্বকাপ জয়ের কীর্তিতে অবশ্য ২০২১ সালেই নাম উঠিয়েছিলেন জিওফ মার্শ আর মিচেল মার্শ। সে বছর দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মিচেল মার্শ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *