SPORTS: ‘আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত’-ফাইনালের আগে জানালেন রোহিত শর্মা

সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। নিজেদের মাঠে অনুষ্ঠিত সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। এক যুগ পেরিয়ে আবারো ঘরের মাটিতে ফাইনাল। আবারো ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি।
চেনা কন্ডিশন, চেনা মাঠের বিচারে ফাইনালে অস্ট্রেলিয়ার চেয়ে একধাপ এগিয়ে রয়েছে স্বাগতিকরা। অধিনায়ক রোহিত শর্মা বলেছেন,‘ফাইনালে পৌঁছানোই সবার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত।’
শনিবার সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘নিঃসন্দেহে এটি (বিশ্বকাপ ফাইনাল) বিশাল উপলক্ষ। যে স্বপ্ন আমরা দেখেছি তা পূরণের দ্বারপ্রান্তে। এটাই একজন পেশাদার ক্রীড়াবিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে, তা মাথার বাইরে রেখে কীভাবে মনোযোগ ঠিক রাখা যায়। এটাই আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত। তাই শান্ত ও স্থির থাকা জরুরি। কারণ এভাবেই পরিকল্পনাকে আরও ভালোভাবে কার্যকর করা যায়।;
তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ রোজ আসে না। আমি ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। তাই আমার কাছে এটাই সবচেয়ে বড় উপলক্ষ হবে। আমি অধিনায়ক হওয়ার পর থেকে এই দিনটির জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। অধিনায়ক ও কোচের মধ্যে প্রচুর আলোচনার পর সবার ভূমিকা স্পষ্ট করে দিয়েছি। এই মঞ্চে পৌঁছানোর পেছনে এর গুরুত্ব বিশাল। মাইন্ডসেট ধরে রাখতে আমরা এখন পর্যন্ত নিজেদের সেরা চেষ্টাটা করেছি। আশা করি কালও করব।’
অস্ট্রেলিয়াকে নিয়ে রোহিত বলেন, ‘অস্ট্রেলিয়ার শেষ আট ম্যাচের আটটিই জিতেছে। তারা ভালো ক্রিকেটে খেলেছে এবং দুই দলই ফাইনাল খেলার যোগ্য। আমরা জানি, অস্ট্রেলিয়া কী করতে পারে। তারা খুবই পরিপূর্ণ দল। নিজেরা কী করতে পারি, সেদিকে মনোযোগ দিতে চাই।’