SPORTS: যে আম্পায়ার ভারতের জন্য ‘অপয়া’, জেনেনিন সেই আম্পায়ারের নাম?

অনেকেই স্বপ্ন দেখছেন, ভারত এবার অপরাজিত হিসেবেই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে। সেই স্বপ্ন দেখা অবশ্য অবাস্তবও নয়। কেননা এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত একটা ম্যাচও হারেনি রোহিত শর্মার দল।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত। সেই অস্ট্রেলিয়া যারা ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়েছিল। সেই হিসেবে অনেকেরই ধারণা, সেই ম্যাচের মধুর প্রতিশোধ হবে এবার।

ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল নিয়ে এখন আলোচনা তুঙ্গে। তবে ফাইনালের সঙ্গে এবার এক আম্পায়ারকে নিয়েও আলোচনা শুরু হয়েছে। তিনি রিচার্ড কেটেলবরো। ভারতীয় ক্রিকেট সমর্থকদের ধারণা, এই আম্পায়ার থাকলেই ভারত হারে। তাই ভারতীয় ক্রিকেটভক্তরা তাকে ‘অপয়া’ আম্পায়ার বলে ডাকেন।

২০১৪ থেকে শুরু। সেবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত-শ্রীলংকা। সেই ম্যাচে আম্পায়ার ছিলেন কেটেলবরো। ভারত ম্যাচটা হারে। তার ঠিক পরের বছরই ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল ভারত-অস্ট্রেলিয়া। আম্পায়ার ছিলেন সেই কেটেলবরোই। সেখানেই হারের তেতো স্বাদ পায় মেন ইন ব্লুজরা।

২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। আম্পায়ার ছিলেন কেটেলবরো। সেই ম্যাচটাও জিততে পারেনি ভারত। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও একই ঘটনা। আম্পায়ার ছিলেন তিনি। ভারত ম্যাচ হারে পাকিস্তানের কাছে।

২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচের স্মৃতি এখনো সবার মনে টাটকা। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ার ছিলেন কেটেলবরো। আর ম্যাচটা সেবারও হেরেছিল টিম ইন্ডিয়া। অর্থাৎ টানা পাঁচটি ম্যাচে তিনি আম্পায়ার, আর ভারত ম্যাচ হারে সবকটিতেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *