ChatGPT-চাকরি হারালেন স্বয়ং চ্যাটজিপিটির ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যান, জেনেনিন কারণ?

চ্যাটজিপিটির ‘স্রষ্টা’ হিসেবে পরিচিত স্যাম অল্টম্যানকে ওপেনএআই সংস্থার সিইও পদ থেকে সরানো হয়েছে। শুক্রবার ওপেনএআই এক ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
স্যামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ওপর আস্থা হারানোর কারণেই তাকে পদ থেকে ছাঁটাই করা হয়েছে বলে জানায় ওপেনএআই। আপাতত এ দায়িত্ব সামলাবেন মিরা মুরাটি। পরে স্থায়ীভাবে নতুন সিইও নিয়োগ করা হবে।
এক বিবৃতিতে ওপেনএআই জানায়, অল্টম্যানকে নিয়ে অনেক পর্যালোচনার পর সংস্থার বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। অল্টম্যান বোর্ডের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেননি। এটি তার দায়িত্ব ছিল। তবে তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, স্যাম ওপেনএআই-এর নেতৃত্ব দিতে পারবেন কি-না, সে বিষয়ে তার ওপর আস্থা হারিয়েছে বোর্ড।
এদিকে পদ হারিয়ে অল্টম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ওপেনএআই-এ আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এ সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। ওপেনএআই-এ আমার সব থেকে বেশি ভালো লেগেছে প্রতিভাবান মানুষদের সঙ্গে কাজ করতে। পরবর্তী সময়ে আমি কী করব, তা নিয়ে পরে বলব।
২০১৫ সালে আমেরিকার ধনকুবের ইলন মাস্ক, লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং আরো কয়েক জনকে সঙ্গে নিয়ে ‘ওপেনএআই’ নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেন স্যাম। তিনি সে সময় দাবি করেন, এআই ব্যবহার করে মানব জাতির উপকার করা এ সংস্থা তৈরির মূল লক্ষ্য।