SPORTS: ‘বাবা, তোমাকে মিস করছি’-ফাইনালে নামার আগে আবেগী বার্তা সিরাজের

হায়দরাবাদের অটোচালক মোহাম্মদ ঘাউস স্বপ্ন দেখতেন, ছেলে এক দিন দেশের নীল জার্সি গায়ে খেলবে। ছেলেকে নতুন জুতো কিনে দেওয়ার জন্য সারা রাত অটো চালিয়ে টাকা জোগাড় করেছিলেন। কিন্তু ছেলের প্রথম বিদেশ সফরের সময়ই মারা যান তিনি।
জাতীয় দলে ছেলের সুযোগ পাওয়ার খবর শুনলেও খেলতে দেখে যেতে পারেননি। আর তাই যেন বিশ্বকাপের সেমিফাইনাল জেতার পর বাবার কথা মনে পড়ছে মোহাম্মদ সিরাজের।
বুধবার ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সিরাজ। দেখা যাচ্ছে একটি মোবাইলের স্ক্রিনে লেখা রয়েছে ‘ড্যাড কলিং’। সঙ্গে তিনি লিখেছেন, ‘তোমার অভাব অনুভব করছি।’ সেখানে সিরাজ দিয়েছেন কান্নার ইমোজিও।
সিরাজের পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, ভারত বিশ্বকাপের ফাইনালে ওঠার পর প্রয়াত বাবার কথা মনে পড়ছে সিরাজের। ছেলেকে দেশের বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হিসাবে দেখলে নিশ্চিত ভাবেই গর্বিত হতেন ঘাউস। ছেলেকে তো তিনি আন্তর্জাতিক ক্রিকেটের ২২ গজে সফল হিসাবেই দেখতে চেয়েছিলেন।
গত সেপ্টেম্বরের এশিয়া কাপে বেশ ভাল ফর্মে ছিলেন সিরাজ। বিশ্বকাপে সেই ফর্ম ধরে রাখতে পারেননি। প্রায় প্রতি ম্যাচেই প্রচুর রান দিয়ে ফেলছেন। ছন্দ পেয়ে গেলে সিরাজ অবশ্য একাই প্রতিপক্ষের ইনিংসে ধস নামাতে পারেন।
সেই আশায় তাকে খেলিয়ে চলেছেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। সেমিফাইনালের পর আবেগপ্রবণ হয়ে পড়া সিরাজও নিশ্চয়ই ফাইনালে বল হাতে জ্বলে উঠতে চাইবেন।