BigNews: বেটিং অ্যাপে কোটি কোটি টাকা বিনিয়োগ? ডাবর কর্তাদের বিরুদ্ধে হলো FIR

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মুখে মহাদেব বেটিং অ্যাপ প্রতারণা মামলায় নতুন মোড় এসেছে। এই মামলায় এবার ডাবর গ্রুপের দুই কর্তা মোহিত বর্মন ও গৌরব বর্মন এবং বলিউড অভিনেতা সাহিল খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ।
মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছে, মহাদেব বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ প্রতারণা করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে জুয়া খেলাও চালানো হতো।
পুলিশের FIR-এ ডাবর গ্রুপের দুই কর্তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৭, ৪৭১, ১২০ (বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সাহিল খানের বিরুদ্ধেও একই ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এই মামলায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি মহাদেব বেটিং অ্যাপের কিংপিন হিসেবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে নিশানা করেছে। কিন্তু কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর অনুমান, মহাদেব বেটিং অ্যাপ প্রতারনার জাল ক্রিকেটের ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গেও জড়িয়ে আছে।
ED-র গোয়েন্দাদের দাবি, ম্যাচ ফিক্সিংয়ের জন্য বিটকয়েনের মতো ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করা হয়েছে। ছত্তিশগড়ের পাশাপাশি কলকাতা ও মুম্বইতেও এই জালের ছড়িয়ে আছে।
ED-র তদন্তে উঠে এসেছে, মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে জড়িত আছেন ভিলাইবাসী সৌরভ ও রবি। কয়েক বছর আগেই দুবাইতে চলে যান তাঁরা। সেখানে বসেই অ্যাপের মাধ্যমে বেটিং চক্র চালিয়েছেন তাঁরা।
তবে ম্যাচ ফিক্সিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আরও একটি অ্যাপ। যার নাম মহাদেব খিলাড়ি। সেখানে কে বা কারা বিনিয়োগ করেছেন, তা জানার চেষ্টা চলছে।
এই মামলার তদন্ত দ্রুত শেষ করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার দাবি উঠেছে।