বিশেষ: গ্রামের কাছেই পাখিদের অভয়ারণ্য, দীপাবলিতে বাজি ফাটালেন না গ্রামবাসীরা

শব্দবাজি ছাড়া দীপাবলি উৎসব যেন পূর্ণতাই পায় না। তবুও একটিও বাজি না ফাটিয়েই উৎসব উদযাপন করেছেন ভারতের তামিলনাড়ুর সাতটি গ্রামের বাসিন্দারা। আলোর উৎসবকে তারা বরণ করে নিলেন শুধু আলো দিয়েই।
তামিলনাড়ুর ইরোড থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে ভাডামুঙ্গম ভেল্লোডে পাখিদের অভয়ারণ্য। অক্টোবর থেকে সেখানে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়। জানুয়ারি মাস পর্যন্ত থাকে সেই অতিথিরা। এই পাখিদের কথা মাথায় রেখেই এবার দীপাবলিতে বাজি ফাটাননি গ্রামবাসী। ইরোডের মোট সাতটি গ্রামের বাসিন্দারা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেন। ওই গ্রামগুলোতে কেবল আলো, প্রদীপ দিয়ে দীপাবলি পালন করা হয়েছে।
ইরোডের সেল্লাপ্পামপালায়ম, ভাডামুঙ্গম ভেল্লোডে, সেম্মানদমপালয়ম, কারুক্কানকাট্টু ভালাসু, পুঙ্গমপড়ির মতো গ্রামগুলো ‘নীরব দীপাবলি’ পালন করেছে। গ্রামগুলিতে প্রায় ৯০০ পরিবারের বসবাস। পাখিদের অভয়ারণ্য এবং পরিযায়ী পাখিদের কথা মাথায় রেখে তারা বাজি না ফাটানোর সিদ্ধান্ত নেন।
তামিলনাড়ুর এই সাতটি গ্রামে দীপাবলি বরাবরই কিছুটা ভিন্ন। এখানকার মানুষ একে অপরের সঙ্গে আলোচনা করেন এবং সম্মিলিতভাবে দীপাবলি উদযাপন করে থাকেন। শব্দবাজির তেমন বাহুল্যও থাকে না কোনো বারেই। সাধারণ তারাবাতির জৌলুসে খুশি এসব গ্রামের শিশুরা। এ বছরের উৎসব পরিযায়ী পাখিদের মৌসুমের সঙ্গে মিলে গেছে। তাই একেবারেই বাজি ফাটানো হয়নি। পাখিদের অভয়ারণ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই দীপাবলিতে তাদের পাখিদের কোনো ক্ষতি হয়নি।