“পেঁয়াজির বদলে কেন চিকেন পকোড়া!”-পছন্দের খাবার না পেয়ে পুত্রবধূকে খুন করলেন বৃদ্ধ

উত্তর ২৪ পরগনার হাবড়া থানার শ্রীনগর বল খেলা মাঠ একালায় কালীপুজোর রাতে পছন্দের খাবার না মেলায় বউমাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম মুক্তি বিশ্বাস। অভিযুক্ত শ্বশুর গোপাল বিশ্বাস। তিনি পেশায় প্রাক্তন সেনাকর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শ্বশুরের ইচ্ছে মতো ইলিশ মাছ ভাপা রান্না করে দিয়েছিলেন বউমা মুক্তি। এরপরই পেঁয়াজি খাওয়ার ইচ্ছা হয় শ্বশুরের। কিন্তু বউমা পেঁয়াজির বদলে চিকেন পকোড়া করে দিতেই রেগে যান অবসরপ্রাপ্ত সেনাকর্মী গোপাল বিশ্বাস। হঠাৎ-ই দরজা খুলে দাঁড়িয়ে বউমাকে এলোপাথারি কোপাতে থাকেন।
ঘটনার সময় মুক্তির স্বামী দেবু বিশ্বাস বাড়িতে ছিলেন না। তিনি বাইরে থেকে মোমবাতি কিনে এসেছিলেন। বাড়িতে ফিরে তিনি দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তিনি তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর গোপাল বিশ্বাস পালিয়ে যান। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গোপাল বিশ্বাস ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, পছন্দের খাবার না পেয়ে তিনি রাগে মাতাল হয়েছিলেন। তাই বউমাকে খুন করে ফেলেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।