মর্মান্তিক দুর্ঘটনা! ভোররাতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫, আহত ৬০

তামিলনাড়ুর তিরুপাত্তপর জেলায় শনিবার ভোররাতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে চেন্নাই যাচ্ছিল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস। অন্যদিকে, চেন্নাই থেকে বেঙ্গালুরু যাচ্ছিল একটি বেসরকারি বাস। দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তারা হলেন স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের চালক, একজন মহিলা যাত্রী এবং বেসরকারি বাসের একজন যাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। তারা হলেন বেসরকারি বাসের চালক এবং একজন যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। উদ্ধারের কাজ শুরু হয়। আহতদের নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

তামিলনাড়ু প্রশাসনের আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *