দীপাবলিতে সম্পূর্ণ FREE-তে গ্যাস সিলিন্ডার, ৩০০ টাকা অতিরিক্ত ভর্তুকির ঘোষণা সরকারের

উত্তরপ্রদেশ সরকার দীপাবলি উপলক্ষে রাজ্যের প্রায় পৌনে ২ কোটি পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আওতায় প্রতিটি পরিবারকে ১টি করে ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এই প্রকল্পের মোট খরচ হবে ২ হাজার ৩১২ কোটি টাকা।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউয়ের লোক ভবনে এই প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন, “আমরা ২০২২ সালে উত্তরপ্রদেশে ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটাই পালন করছি। লোক কল্যাণ সংকল্পপত্রের সেই প্রতিশ্রুতি পালন করছি। ২০১৪ সালের আগে মানুষ তো গ্যাস কানেকশনের কথাই ভাবতেই পারতেন না। তবে এখন মানুষকে গ্যাসের কানেকশন নেওয়ার জন্য আর প্রতারণার মধ্যে পড়তে হয় না। একটা সময় ছিল যখন গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষরা গ্যাসের সংযোগ পেতেন না। মানে ভাবতেই পারতেন না তারা। তবে এখন পরিস্থিতির বদল হয়েছে। বিগত দিনে গ্যাসের কানেকশনের জন্য দীর্ঘ লাইন পড়ত। এখন সেই ছবি আর নেই।”
তিনি আরও বলেন, “আমরা এই প্রকল্পের মাধ্যমে গরিব পরিবারের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করতে চাই। আমরা চাই তারা স্বাস্থ্যকর পরিবেশে রান্না করতে পারে।”
উল্লেখ্য, ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম উজ্জ্বলা যোজনা শুরু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে গরিব মানুষেরা যাতে গ্যাসে রান্না করতে পারেন সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে উজ্জ্বলা যোজনার আওতায় প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৩০০ টাকা করে ভর্তুকি মেলে।
এই প্রকল্পের ফলে উত্তরপ্রদেশের প্রায় ২ কোটি গরিব পরিবারের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলে মনে করা হচ্ছে।