প্রকাশ্য রাস্তায় সিভিক ভলান্টিয়ারকে মারলেন তৃণমূল কাউন্সিলর, গ্রেফতার পাঁচ জন

নদিয়া জেলার কল্যাণীতে শুক্রবার দুপুরে পুলিশের কাজে বাধা ও সরকারি কর্মীকে মারধরের অভিযোগে তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী ওঁরাও, তাতলা অঞ্চলের নদিয়া জেলা পরিষদ সদস্য মিনা ওঁরাও, তৃণমূল কর্মী রঞ্জিত দাস এবং রমেশ ও নিখিল সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার দুপুরে কল্যাণী থেকে কৃষ্ণনগর যাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী ওঁরাও, মিনা ওঁরাও, রঞ্জিত দাস, রমেশ ও নিখিল সর্দার। ৩৪ নম্বর জাতীয় সড়কে রানাঘাট মিশন গেটে যান নিয়ন্ত্রণ করছিলেন নবকুমার মল্লিক নামের এক সিভিক ভলান্টিয়ার। তখনই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তৃণমূল কাউন্সিলর-সহ পাঁচজনের বচসা বাঁধে।

অভিযোগ, এরপরই সকলে মিলে ঘিরে ধরে সিভিক ভলান্টিয়ারকে মারধর করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার জেরে পুলিশ তৃণমূল কাউন্সিলর-সহ পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের রানাঘাট আদালতে পেশ করা হয়। আদালত তাদের জামিন দেয়।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে সিভিক ভলান্টিয়ারকে মারধর করলেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

পুলিশের দাবি, তৃণমূল কাউন্সিলর-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও সরকারি কর্মীকে মারধরের অভিযোগ আনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *