প্রস্রাবে বাধা দেওয়ায় লোহার রড দিয়ে মাথায় আঘাত, গ্রাম প্রধানের ছেলের মারধরে বৃদ্ধার মৃত্যু

উত্তর প্রদেশের আউড়াইয়া জেলায় মদ্যপের লোহার রডের আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম শান্তি দেবী। তিনি ৭০ বছর বয়সী ছিলেন। ঘটনাটি ঘটেছে জেলার বিধুনা কোতোয়ালি থানা এলাকার মাছিঝিল গ্রামে।

পুলিশ জানায়, ওই রাতে গ্রাম প্রধানের ছেলে মোহিত সিং মদ্যপ অবস্থায় শান্তি দেবীর বাড়ির পাশে একটি ড্রেনে প্রস্রাব করে। এতে দেখে ফেলেন শান্তি দেবীর ছেলে উদয়বীর এবং তার স্ত্রী লক্ষ্মী।

তারা মোহিতের এই কাজের প্রতিবাদ করেন। এতে মোহিত তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। কিছুক্ষণ বচসা চলার পর, মোহিত চলে যান।

কিছুক্ষণ পরে মোহিত তার সঙ্গীসহ শান্তি দেবীর বাড়িতে চড়াও হয়। তারা উদয়বীরকে বাইরে বের হয়ে আসার হুঙ্কার দেয়।

এই সময় ঘর থেকে বের হয়ে আসেন শান্তি দেবী। তিনিও মোহিত ও তার সঙ্গীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা চরম আকার নিলে, মোহিত ঘরের পাশে পড়ে থাকা একটি লোহার রড তুলে নিয়ে শান্তি দেবীর মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শান্তি দেবী। তিনি মারা যান।

এই সময় মোহিত ও তার সঙ্গীদের বাধা দিতে গেলে উদয়বীর ও লক্ষ্মী সহ পরিবারের অন্যান্য সদস্যরাও জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরেই এলাকা থেকে চম্পট দিয়েছে মোহিত ও তার সঙ্গীরা।

স্থানীয় থানায় মোহিত সিং ও তার পাঁচ সঙ্গীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উদয়বীর। পুলিশের চারটি দল অভিযুক্তদের গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছে।