জানুয়ারি থেকে দেওয়া হবে বার্ধক্য ‘ভাতা’, বয়স্ক মহিলাদের জন্য বড় ঘোষণা অভিষেকের

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার লোকসভা এলাকায় ৭০ হাজার বয়স্ক মহিলাকে বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকারের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনেকেই ভাতা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, সরকারের সহায়তা ছাড়াই তিনি নিজেদের সীমিত সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে এই বয়স্ক মহিলাদের আর্থিক সহায়তা করবেন।

গতকাল, শুক্রবার ফলতায় এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ৭০ হাজার বয়স্ক মহিলাকে দুয়ারে সরকারের মাধ্যমে রেজিস্টার করা হয়েছে। কিন্তু সরকার যবে দেবে দেবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়াব। পয়লা জানুয়ারি থেকে প্রতি মাসে তাঁদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, “এই কাজগুলো করার জন্যই তো আমাদের মানুষ নির্বাচিত করেছে। আর এটাই ডায়মন্ডহারবার মডেল।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে ১০০ দিনের কাজের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, “কেন্দ্র হাজার চেষ্টা করলেও ডায়মন্ডহারবারের একটা লোককেও ভাতে মারতে পারবে না। আর আপনাদের টাকা আটকে রেখে, আপনাদেরকে যদি কেন্দ্র শিক্ষা দিতে চায়, যতদিন আমি আছি, সেটা হতে দেব না। আমি কাজ করে দেখিয়েছি, আগামী দিনেও দেখাব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *