খাওয়ানো হচ্ছিল পচা মাংস ও মাছ, হোটেলের লাইসেন্স বাতিল করল খাদ্য সুরক্ষা দফতর

প্রান্তিকা এলাকায় অবস্থিত একটি হোটেলে পচা মাংস ও মাছ রান্না করে খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা অভিযান চালান। অভিযানে হোটেল থেকে প্রচুর পরিমাণে পচা মাংস ও মাছ, বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ মশলা উদ্ধার করা হয়। হোটেলের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে এবং নতুন লাইসেন্স না-হওয়া পর্যন্ত হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রান্তিকা বাস স্ট্যান্ড সংলগ্ন হোটেল ব্লু মুনের খাবারের মান নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ উঠছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেলে অভিযান চালানোর সময় একজন গেস্ট মাছের কোয়ালিটি নিয়ে অভিযোগ করেন। এর পর আধিকারিকরা হোটেলের রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখেন, সেখানে মজুত করা মাংস, মাছ পচে গিয়েছে। গন্ধ বেরোচ্ছে। বাসি খাবারও রয়েছে ফ্রিজে।
খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক কিরণমণি দেবনাথ বলেন, “খাবারের মান নিয়ে অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালাতে এসে দেখা যাচ্ছে অভিযোগ সত্য। হোটেলের লাইসেন্স বাতিল করা হয়েছে। হোটেল বন্ধ রাখতে বলা হয়েছে।”
হোটেল মালিক চিত্তরঞ্জন চন্দ্র সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, “আমি কয়েকদিন আসতে পারিনি। কর্মীরা হোটেল চালাচ্ছিল। কর্মীদের গাফিলতির জন্য এই অবস্থা হয়েছে।”