মেদ ঝরাতে করেছেন অস্ত্রোপচার, হার্ট অ্যাটাকে জনপ্রিয় ইন্ফ্লুয়েন্সারের মৃ

শরীরের মেদ ঝরিয়ে আরো আকর্ষণীয় হতে কসমেটিক সার্জারি করিয়েছিলেন ব্রাজিলের এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইন্ফ্লুয়েন্সার। তবে সেই সার্জারির কারণেই অকালে প্রাণ হারাতে হলো তাকে। সম্প্রতি দেশটির সাও পাওলো শহরে ঘটেছে এ ঘটনা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ২৯ বছর বয়সী লুয়ানা অ্যানড্রেড হাঁটুতে লিপোসাকশন করিয়েছিলেন। এর ঠিক পরের দিনই মৃত্যু হয় তার। অস্ত্রোপচার করানোর সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল, সেই কারণেই পর পর চার বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় লুয়ানার।

সাও পওলোর সাও লুইজ হাসপাতালে অস্ত্রোপচার হয় লুয়ানার। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, লুয়ানার পরিবার এই অস্ত্রোপচারের জন্য একজন বাইরের চিকিৎসককে নিয়োগ করেছিলেন। মৃত্যুর পর তদন্ত রিপোর্টে দেখা গিয়েছে, রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তার। অস্ত্রোপচারের পরেই লুয়ানাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তার হেমোডায়নামিক ট্রিটমেন্ট চলে।

প্লাস্টিক সার্জান ডিওভেন রুয়ারো জানিয়েছেন, অস্ত্রোপচারের আগে কোনও শারীরিক সমস্যা ছিল না লুয়ানার। তবে কিছু কিছু ক্ষেত্রে লিপোসাকশান ট্রিটমেন্টের ফলে মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে।

অনেকের ধারণা, শারীরচর্চা বা খাদ্যাভ্যাসের বদল না করে কেবল মাত্র লিপোসাকশনের মাধ্যমেই বাড়তি ওজন ঝরিয়ে ফেলা যায়— এই ধারণা একেবারেই ভ্রান্ত। ঘুমের অভাব, খাওয়াদাওয়ায় ব্যাপক অনিয়মের কারণে পেটের ভিতর, অন্ত্রের আশপাশে মেদ জমে মূলত শরীরের যে অতিরিক্ত ওজন বাড়ে, লিপোসাকশনের মাধ্যমে সেই মেদ কমিয়ে ফেলা যায় না। এই পদ্ধতিতে একমাত্র ত্বকের নীচে জমে থাকা মেদ কমানো হয়। শারীরচর্চা, ডায়েট করার পরেও যখন ঊরু, নিতম্ব, ঘাড় ইত্যাদি বিশেষ বিশেষ জায়গার মেদ কমানো যায় না, তখন লিপোসাকশন করানো যেতে পারে।

চিকিৎসকদের মতে, কোনও অস্ত্রোপচার কিংবা মেডিক্যাল ট্রিটমেন্ট সম্পূর্ণ বিপদের ঝুঁকিমুক্ত, এ কথা কখনওই বলা যায় না। কমবেশি ঝুঁকি সব ক্ষেত্রেই থাকে। তাই ভাবনাচিন্তা করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ করেই এই ধরনের অস্ত্রোপচার করানো ভাল।

সূত্র: ডেইলি মেইল, আনন্দবাজার