SPORTS: বিশ্বমঞ্চে ম্যাক্সওয়েলের ‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস’, দেখে মুগ্ধ ফ্যানেরা

মুম্বাইয়ে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। শুধুই কি তাণ্ডব, প্রতিপক্ষ বোলারদের বেদম পিটিয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন অজি ব্যাটার। তার অতিমানবীয় ইনিংসে ভর করেই অবিশ্বাস্য জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আফগানিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। আর ম্যাক্সওয়েল যখন ব্যাট হাতে নামলেন, তখন অজিদের ৪ উইকেট রান ৪৯। এরপর দ্রুত আরো ৩ উইকেট হারাতে দেখলেন তিনি। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে যখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হারের শঙ্কায় তখন ঢাল হয়ে দাঁড়ালে ম্যাক্সওয়েল। ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করলেন তিনি। সেটিও আবার এক পায়ের ওপর ভর করে।

মাংসপেশির টানে ডান পা নড়াতেই পারছিলেন না ম্যাক্সওয়েল। পায়ে টান পড়লেও মনোবলে চিড় ধরতে দেননি তিনি। যেন বোঝালেন মানুষ চাইলে সবকিছু করতে পারে। তবে নিজে যা করলেন তা যেন মানুষেরও ওপরে গিয়ে।

অষ্টম উইকেটে প্যাট কামিন্সকে নিয়ে রেকর্ড ২০২ রানের জুটিতে আফগানদের স্বপ্ন নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন ম্যাক্সওয়েল। নিজে খেললেন ১২৮ বলে ২০১ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস। ২১ চারের বিপরীতে মেরেছেন ১০টি ছক্কা।

সাদা বলের ক্রিকেটের ইতিহাসে বাইশ গজে এমন অতিমানবীয় ইনিংস আগে কেউ দেখেনি জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। এমন ইনিংসের তাই প্রশংসা না করে পারছেন না সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা।

ভারতকে বহু কঠিন ম্যাচ জেতানো ইনিংস খেলা সাবেক ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন, ‘সারা জীবনের ইনিংস! ম্যাক্সি তোমাকে অভিবাদন।’

ওপেনিংয়ে নেমে ওয়ানডে ক্রিকেটেরই চিত্র বদলে দেওয়া অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট লিখেছেন, ‘অভিনন্দন ম্যাক্সি। স্পষ্টতই সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। আমার মতে সব সময়ের জন্য তুমি বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর খেলোয়াড়।’

ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান লিখেছেন, ‘সাদা বলের সর্বকালের সেরা ইনিংস।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও পাঠানের সুরেই প্রশংসা করছেন, ‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস, ম্যাক্সি।’