‘এয়ারপোর্টকে মসজিদ বানিয়ে রেখেছে!’ মুসলিম যাত্রীদের নমাজ পাঠ ঘিরে উত্তেজনা প্যারিসে

ফ্রান্সের চার্লস ডি গল বিমানবন্দরে মুসলিম যাত্রীদের নমাজপাঠের ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। বিমানবন্দরে নমাজরত যাত্রীদের একটি ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষ ধেয়ে এসেছে।
হামাস-ইজরায়েলের সংঘর্ষের মধ্যে ফরাসি বিমানবন্দরের এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এ নিয়ে চাপ তৈরি হয়েছে ম্যাক্রোঁ সরকারের উপর।
সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দরে যাত্রীদের নমাজ পাঠে অংশ নেওয়ার একটি ছবি পোস্ট করা হয়েছে। ব্যাপকভাবে তা শেয়ার করা হচ্ছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বিমানবন্দরের একটি খোলা জায়গায় বেশ কয়েকজন যাত্রীকে একসাথে বসে নমাজ পড়তে। যাত্রীরা জর্ডনের বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাক্তন ফরাসি মন্ত্রী নোয়েল লেনোয়ার এই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, “ফ্রান্সের বিমানবন্দর মসজিদে পরিণত হয়েছে।”
ফরাসি পরিবহণ মন্ত্রী ক্লেমেন্ট বিউন এই ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, “বিমানবন্দরে নমাজ পাঠের কোনও অনুমতি নেই। এটি বিমানবন্দরের নিয়ম লঙ্ঘন।”
বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
এদিকে, এই ঘটনায় ফরাসি জনমত বিভক্ত। কেউ কেউ এই ঘটনাকে স্বাভাবিক বলে মনে করছেন। আবার কেউ কেউ এটিকে ফ্রান্সের ধর্মনিরপেক্ষতার নীতির লঙ্ঘন বলে মনে করছেন।
ফ্রান্সে সমস্ত ধর্মের লোকজনের প্রার্থনার জন্য একটি নির্দিষ্ট স্থান থাকলেও, বিমানবন্দর থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে কঠোর নিষেধাজ্ঞা চালু করা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কী ভাবে বিমানবন্দর চত্ত্বরে নমাজে অংশগ্রহণ করল তারা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
এজন্য বিমাবন্দর কর্তৃপক্ষের গাফিলতিকেই তুলে ধরা হয়েছে।
এই ঘটনা ফ্রান্সে ধর্মনিরপেক্ষতার বিষয়ে নতুন করে বিতর্কের সূচনা করেছে।