তৃণমূল মন্ত্রীর ফের বিতর্কিত মন্তব্য, রাজ্যপালকে ‘কড়া’ চিঠি দিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তৃণমূলের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুভেন্দু অধিকারী তাঁর টুইটার হ্যান্ডেলে মন্ত্রী অখিল গিরির একটি বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে রাজ্যপালের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।

ভিডিওতে অখিল গিরিকে বলতে শোনা যায়, “সিভি আনন্দ বোসের ব্যাপারটা আমরা জানি না নাকি? কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন?” এরপরেই তিনি রাজ্যপালের একটি হোয়াটসঅ্যাপ বার্তার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা জানি না, তোমার হোয়াটসঅ্যাপে কী আছে? কেন ১০ তারিখ মুখ্যমন্ত্রীকে একশো দিনের কাজের জন্য কথা বলতে ডেকেছিলেন? আপনার কলঙ্ক আমরা ধরব, ছাড় পাবে না।”

এই মন্তব্যের ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী বলেন, “আজ, আমি মন্ত্রী অখিল গিরির করা একটি চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে রাজ্যপাল ডাঃ সি ভি আনন্দ বোসকে একটি ইমেল পাঠিয়েছি। আশা করি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে আরও উল্লেখ করেন যে, অখিল গিরি এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্যও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তিনি বলেন, “সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এরকম মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়া হোক।”

শুভেন্দু অধিকারী আরও বলেন, “মন্ত্রী অখিল গিরির এই মন্তব্য শুধুমাত্র রাজ্যপালের ব্যক্তিগত ভাবমূর্তিকে নষ্ট করছে না, এটা রাজভবন এবং রাজ্যপালের পদমর্যাদাকেও কলঙ্কিত করছে।” তিনি বলেন যে, “ওই মন্ত্রীর দ্রুত বরখাস্ত করা উচিত। তাঁর মন্ত্রীর চেয়ারে থাকার কোনওরকম যোগ্যতা নেই।”

শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেখার বিষয় হল, রাজ্যপাল এই অভিযোগের ভিত্তিতে অখিল গিরি বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন কিনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *