ফখর জামানের ঝোড়ো সেঞ্চুরি, ৩৬ বছর আগের নজির ভাঙলেন পাকিস্তানি ব্যাটার

শনিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি করে পাকিস্তানের জয়ের পথ প্রশস্ত করেছেন ওপেনার ফখর জামান। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করে নতুন নজির গড়েছেন তিনি।
পাকিস্তান ৪০২ রানের লক্ষ্যে খেলতে নামে। পাকিস্তান শুরুতেই আবদুল্লাহ শফিকের উইকেট হারায়। কিন্তু বাবর আজমকে পাশে নিয়ে একেবারে ঝড় তোলেন ফখর। ২০তম ওভারে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান বাঁ-হাতি তারকা।
ফখর এদিন ৩৬ বছর আগের নজির গুঁড়িয়ে করেছেন। ১৯৮৭ বিশ্বকাপে সেলিম মালিক ফয়সালাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন। সেটাই ছিল এতদিন বিশ্বকাপে পাকিস্তানি ব্যাটারদের করা দ্রুততম শতরানের নজির।
পাশাপাশি ছক্কা হাঁকিয়েও নজির গড়েছেন ফখর। বিশ্বকাপের এক ইনিংসে কোনও পাকিস্তানি ব্যাটার হিসাবে ইমরান নাজিরের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ফখর নিউজিল্যান্ডের বিপক্ষে নয়টি ছক্কা হাঁকিয়েছেন। যা আইসিসি বিশ্বকাপের ম্যাচে এক ইনিংসে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড।