নদীর চরে বাঘের পায়ের ছাপ, গ্রামবাসীদের ঘরে আতঙ্ক

সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর উপকূল থানার এল-প্লটের লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখেছিলেন স্থানীয়রা। সন্ধ্যার দিকে একটি ষাঁড়কে তাড়া করেছিল বাঘ। এরপরেই লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়ে।
রাতভর জঙ্গল ও নদীর তীরবর্তী এলাকায় পাহারা দেন বনকর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাস্থলে চলে আসেন দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল ও এডিএফও। বাঘকে খাঁচাবন্দি করার প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মীদের একটি দলকেও নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার রাতে নদীর ওপারের জঙ্গল থেকে বাঘের গর্জন শোনা যায়। এরপরেই নদীর ধারে লোকালয়ের চার কিলোমিটার নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়।
বন দফতরের অনুমান, বাঘটি ধনচি অথবা ধূলিভাসানী জঙ্গলের থেকে এসে থাকতে পারে। গ্রামের বাসিন্দারা আতঙ্কে ভুগছেন। তারা বলছেন, বাড়ির বাইরে বের হতে পারছেন না।