এয়ারপোর্ট থেকেই ইডেনে দ্রাবিড়, উইকেটের ‘অবস্থা’র খোঁজ নিলেন কোচ

৫ নভেম্বর বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। এই বিশেষ দিনে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে। এই ম্যাচ উপলক্ষে সিএবি বিশেষ পরিকল্পনা করেছে।
সিএবি বিরাটকে একটি বিশেষ ব্যাট উপহার দেবে। এই ব্যাটটি সোনার জলে তৈরি করা হয়েছে। ব্যাটে সিএবির নাম এবং বিরাটের নাম খোদাই করা থাকবে। এই ব্যাটটি তৈরি করেছে একটি বিখ্যাত স্বর্ণ প্রস্তুতকারী সংস্থা।
এছাড়াও, সিএবি একটি বিশাল কেক তৈরি করেছে। প্রথমে ভাবা হয়েছিল, বিরাট এই কেক বিরতির সময়ে মাঠেই কাটবেন। কিন্তু আইসিসির নিয়মের কারণে এটি সম্ভব হচ্ছে না। তাই কেকটি ভারতীয় টিমের ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হবে।
বিরাট নিজেও চান না তাঁর জন্মদিনে কোনও মাতামাতি হোক। কারণ, বিশ্বকাপ চলছে। আসল লড়াই শুরু হচ্ছে সেমিফাইনাল থেকে। তার আগে কোনওভাবেই ফোকাস নষ্ট করতে চান না তিনি।
তবে, ভারত যতই সেমিফাইনালে পৌঁছে যাক না কেন, টিম ইন্ডিয়ার প্রস্তুতিতে কোনও ফাঁক নেই। বিকেলে মুম্বই থেকে কলকাতায় পৌঁছে বিমানবন্দর থেকেই ইডেনে উইকেট দেখতে চলে আসেন ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড়।
প্রায় মিনিট কুড়ি মাঠে দাঁড়িয়ে উইকেট দেখেন দ্রাবিড়। কথা বলেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। যাওয়ার সময় দেখা হয় অশোক দিন্দার সঙ্গে।
আজ সন্ধেয় প্র্যাক্টিস রয়েছে ভারতের। তবে, দ্রাবিড় ইডেন ছেড়ে বেরনোর পরেই বৃষ্টি নামে। উইকেট সহ পুরো মাঠই দ্রুত ঢেকে দেওয়া হয়। আজ, শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। তাই রোদ না পেলে ইডেনের উইকেট কী রকম আচরণ করবে, তা নিয়ে ধন্দ থেকেই যাচ্ছে।