যাদবপুরের পর আবার কলকাতায় র‍্যাগিং, দ্বিতীয় বর্ষের ছাত্রকে মারধর

কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সিনিয়রদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ, কলেজের বিবিএ বিভাগের দুই ছাত্র দ্বিতীয় বর্ষের কম্পিউটার বিষয়ের এক ছাত্রকে বেধড়ক মারধর করেছে। এতে ওই ছাত্রের দাঁত ভেঙে গেছে এবং পায়ের নখ উঠে গেছে।

জানা গেছে, ওই ছাত্র কলকাতার গাঙ্গুলিবাগানের রামগড় এলাকার বাসিন্দা। অভিযোগ, সিনিয়র ছাত্ররা তাকে নানা রকমভাবে হেনস্তা এবং মারধর করার পাশাপাশি মেরে ফেলার হুমকি দিয়েছিল।

অভিযোগ, গত ১১ অক্টোবর তাকে কলেজের গেটের সামনে হেনস্তা করেছিল ওই ছাত্ররা। এরপর গত ৩১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার ওই ছাত্রকে তারা বেধড়ক মারধর করে। মেরে দাঁত ভেঙে দেওয়ার পাশাপাশি তার পায়ের নখ উপড়ে দেওয়া হয়েছে। এছাড়া, পরনের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এদিকে, ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেই তারা পলাতক। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ আক্রান্ত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করেছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *