ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, শুটআউটে আতঙ্কিত এলাকাবাসী

আসানসোলের উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মন্দির সংলগ্ন দু’নম্বর জাতীয় সড়কের উপর আজ সোমবার ভরদুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আক্রান্ত ব্যবসায়ীর নাম দীনেশ ঘড়াই। তিনি রূপনারায়ণপুর টোল প্লাজার মালিক।
ব্যবসায়ী দীনেশ ঘড়াই জানান, তিনি গাড়ি করে খাবার নিতে যাওয়ার সময় কয়েকজন মোটরবাইক নিয়ে তাঁর সামনে পথ আটকে দাঁড়ায়। গাড়ি থামাতে বলে চিৎকার করে। আর তারপরই তাদের মধ্যে একটি মোটরবাইকে থাকা দু’জন দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায়। তিনি গাড়ির সিটের তলায় লুকিয়ে পড়লে গাড়ির কাচ ফুটো করে বুলেট বাইরে বেরিয়ে যায়। গুলি তাঁর গায়ে স্পর্শ করেনি। তিন চার রাউন্ড গুলি চালায় তারা। তবে তার গাড়িতে একটি গুলি লাগে।
গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইক নিয়ে এসেছিল আততায়ীরা। চলন্ত অবস্থায় ব্যবসায়ী দীনেশের গাড়িতে মোটরবাইক দিয়ে প্রথমে ধাক্কা মারা হয়। তারপর পথ আটকে গাড়িটি থামিয়ে দেওয়া হয়। কিন্তু গাড়ি সেখান থেকে বের করার চেষ্টা করলে আততায়ীরা গুলি চালায়।
পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী দীনেশ ঘড়াই।