SPORTS: যে ৫ কারণে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ, দেখেনিন একনজরে

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে চারটি ম্যাচের তিনটিতেই জিতেছিল বাংলাদেশ দল। সবশেষ এশিয়া কাপেও বাংলাদেশকে হারাতে পারেননি রোহিত শর্মারা। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার পুনের ম্যাচে চাপ ছিল ভারতীয় দলের উপরেই বেশি। তবুও দাপুটে জয় ছিনিয়ে নিয়েছেন রোহিত-কোহলিরা।
বিশ্বকাপে স্বাগতিকদের কাছে বাংলাদেশ বাহিনীর হারের ৫টি কারণ জানিয়েছে দেশটির গণমাধ্যম। চলুন দেখে নেয়া যাক সেই কারণগুলো-
কারণ ১: ম্যাচ শুরুর আগেই ভারতীয় দল জেনে যায় চোটের জন্য খেলতে পারবেন না সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। প্রতিপক্ষের অন্যতম সেরা দুই ক্রিকেটার না থাকায় মনস্তাত্ত্বিক সুবিধা পেয়ে যায় ভারত। ফলে প্রথম থেকেই বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলার রণকৌশল নেন রোহিতরা।
কারণ ২: টস জিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সীমিত ওভারের ক্রিকেটে রান তাড়া করতেই পছন্দ করে ভারত। পুণের উইকেট ছিল ব্যাটিং সহায়ক। পরের দিকে উইকেট ভাঙার সম্ভাবনাও ছিল না। স্বভাবতই শান্তর এই সিদ্ধান্ত রোহিতদের পক্ষেই গিয়েছে।
কারণ ৩: জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার নিয়ন্ত্রিত বোলিং। বুমরা ১০ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নিলেন। জাদেজা ১০ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেয়ার পাশাপাশি প্রতিপক্ষের রান তোলার গতিও নিয়ন্ত্রণ করলেন তারা। তাতে ঢাকা পড়লে যায় মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরের আলগা বোলিং। সেভাবে বোঝা যায়নি হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিও। পুনের ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশের ব্যাটারদের বেঁধে রাখলেন। ফলে ভারতের জয়ের লক্ষ্যও থাকে নিয়ন্ত্রণের মধ্যে।
কারণ ৪: বাংলাদেশের বিরুদ্ধে শুরুতে একটু এলোমেলো দেখালেও সার্বিকভাবে ভালো ফিল্ডিং করলেন ভারতীয়রা। লোকেশ রাহুল উইকেটে পিছনে অনবদ্য ক্যাচ ধরে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজকে। পয়েন্ট অঞ্চলে তৎপর জাদেজার ক্যাচে ফিরতে হয় মুশফিকুর রহিমকে। ভারতের ফিল্ডিং খুচরা রান নেয়ার ক্ষেত্রেও চাপে রাখে বাংলাদেশের ব্যাটারদের।
কারণ ৫: শ্রেয়স আইয়ার ছাড়া সকলেই ব্যাট হাতে সফল। ওপেনিং করতে নেমে অধিনায়ক রোহিত আগ্রাসনের যে সুর বেধে দিয়েছিলেন, সেই মতোই ভারতের ইনিংস এগিয়ে নিয়ে গেলেন ভারতের ব্যাটারেরা। শুভমান গিল, কোহলি, রাহুলেরা সাবলীল ব্যাটিং করেছেন। বাংলাদেশের বোলাররা তাদের তেমন সমস্যায় ফেলতে পারেননি। রোহিত, শুভমান, শ্রেয়সেরা আউট হন বড় শট খেলতে গিয়ে বা নিজেদের ভুলে। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে কোনো অসুবিধাই হয়নি রাহুল দ্রাবিড়ের শিষ্যদের।