‘টাকা দিয়ে পুজো কিনে নিয়েই…’, চতুর্থীতে ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মহম্মদ আলি পার্কের পুজো উদ্বোধনে যোগ দেন। সন্তোষ মিত্র স্কোয়ারে ‘রাম মন্দির’ থিম নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। বুধবার এই নিয়ে মুখ খুলে মমতাকে পালটা নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠও ঠিক করে জানেন না। তার থেকে লোকে পুজো নিয়ে শিখবে? গায়ের জোরে টাকা দিয়ে পুজো কিনে নেওয়া হচ্ছে। দেবীপক্ষের আগে উদ্বোধন করে দেওয়া হচ্ছে। অধার্মিক, দুর্নীতিগ্রস্থ লোকেরা ওঁর দলে রয়েছেন। প্রতিদিন কোনও না কোনও সাংসদ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আসে। যাঁরা নৈতিকতা জানে না, যাঁর মন্ত্রীরা লাইন দিয়ে জেলে যায় তাঁর থেকে ধর্ম শেখার মতো দুর্দশা আসেনি।
দিলীপ ঘোষের মতে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আজকের নয়। প্রদীপ ঘোষের সময় থেকেই এই পুজো জনপ্রিয়। মানুষ এমনিতেই ওখানে ভিড় করে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এই পুজো। তিনি বলেন, বিজেপির আরও নেতা পুজোর সঙ্গে যুক্ত হোন। তাতে কারও পেট ব্যথা হচ্ছে কেন? উনি সব কিছুই টাকা দিয়ে কিনে নিতে চান?
দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, দিলীপ ঘোষ নিজেই এখন বিজেপিতে কোণঠাসা হয়ে রয়েছেন। তিনি আসলে মনকষ্টে রয়েছেন। সেই কারণে নম্বর বাড়ানোর জন্য স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন। ওঁর নারীবিদ্বেষী মনোভাব রয়েছে। আগেও মুখ্যমন্ত্রীকে বারমুডা পররা কথা বলেছেন। দিলীপ ঘোষ চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে চণ্ডীপাঠ শিখে নিতে পারেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতে পারেন ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার। বাংলার মানুষ সব শুনছেন। জবাব দেবেন।