ইজরায়েল-হামাস যুদ্ধে বাড়বে কি পেট্রল, ডিজেলের দাম? জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

ইজরায়েল ও হামাস যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। তবে বৃহস্পতিবার দাম কিছুটা কমে এসেছে। টানা দুই দিনের বৃদ্ধির পর বৃহস্পতিবার ডব্লিউটিআই ক্রুডের দাম 0.59 শতাংশ কমে ব্যারেল প্রতি 83 ডলারে বিক্রি হচ্ছে। এর বাইরে ব্রেন্ট ক্রুডের দাম 0.48 শতাংশ কমে ব্যারেল প্রতি 85 ডলারে বিক্রি হচ্ছে।

ভারত জ্বালানির বিষয়ে অনেকাংশেই বিশ্ব বাজারের উপর নির্ভরশীল। এই যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়ে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে অশোধিত তেলের দাম কমে আসায় জ্বালানির দাম বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, অপরিশোধিত তেলের দাম বাড়লে তা বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় বিরূপ প্রভাব ফেলবে। তবে তাঁর বক্তব্য, যদি সরবরাহ লাইন বিঘ্নিত না হয়, তবে আশা করা হচ্ছে আমরা সবকিছু মোকাবিলা করতে সক্ষম হব।

দেশের চারটি মেট্রো শহরে জ্বালানির দাম এখনও বেশ চড়া। নয়াদিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটার 96.72 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার 89.62 টাকা। মুম্বইতে পেট্রলের দাম প্রতি লিটার 106.31 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার 94.27 টাকা। কলকাতায় পেট্রলের দাম প্রতি লিটার 106.03 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার 92.76 টাকা। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটার 102.74 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার 90.05 টাকা।